সাংবাদিক বালুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক হুমায়ুন কবীর বালুর দশম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল শুক্রবার৷ এ উপলক্ষে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়৷
খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি বেগম ফেরদৌসী আলী, ওয়াদুদুর রহমান, আহমদ আলী খান ও মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সহসভাপতি এ কে এ সরোজ নুন, সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, সহকারী সম্পাদক সোহরাব হোসেন, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য শেখ দিদারুল আলম, দেবনাথ রণজিৎ কুমার, সৈয়দ আবদুল মতিন, বিপ্লব চক্রবর্তী প্রমুখ৷
এর আগে সকালে প্রেসক্লাবের সদস্যরা শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন৷
২০০৪ সালের ২৭ জুন খুলনা নগরের ইসলামপুর রোডে দৈনিক জন্মভূমি কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় হুমায়ুন কবীর বালু নিহত হন। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৯ সালে তাঁকে মরণোত্তর একুশে পদক দেয় সরকার৷