সাংবাদিক বেনজির আহমেদ আর নেই
দৈনিক ভোরের কাগজ-এর সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক বেনজির আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোররাত চারটা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
বেনজির আহমেদের ভাগনে মোহাম্মদ সাব্বির আলম প্রথম আলোকে জানান, তাঁর মামার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। আগামীকাল বুধবার বেলা ১১টার দিকে ভোরের কাগজ-এর কার্যালয়ে প্রথম জানাজা এবং দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেনজির আহমেদকে বনানী কবরস্থানে দাফন করার বিষয়টি পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে চিন্তা করা হচ্ছে।
বেনজির আহমেদের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার চরমিরকারি গ্রামে। তিনি অবিবাহিত ছিলেন। মৃত্যুকালে তিনি এক ভাই, দুই বোন, অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সাংবাদিক বেনজির আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্তিযুদ্ধবিষয়ক বিশেষ বুলেটিনের সম্পাদনা করতেন। তিনি সাপ্তাহিক একতার ব্যবস্থাপনা সম্পাদক, যায়যায়দিন-এর নির্বাহী সম্পাদক, কবি শামসুর রাহমানের সম্পাদিত মূলধারার নির্বাহী সম্পাদক, বাংলাদেশে রাশিয়ার দূতাবাসের সোভিয়েত রিভিউ ও সোভিয়েত সমীক্ষা পত্রিকার যুগ্ম সম্পাদক এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।