সাংবাদিক মনিরের পাসপোর্ট কেন নবায়ন হবে না, হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাংবাদিক মনির হায়দারের পাসপোর্ট নবায়ন করে কেন প্রদান করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসাইন ও বিচারপতি আতাউর রহমানের আদালত এই রুল জারি করেছেন।

অপর এক অন্তর্বর্তীকালীন আদেশে সাংবাদিক মনির হায়দারের পাসপোর্ট নবায়ন আবেদনের বর্তমান অবস্থা জানিয়ে ১০ দিনের মধ্যে একটি প্রতিবেদন প্রদানের জন্য পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে সরকারকে রুলে জবাব দিতে বলা হয়েছে।

আদালতে মনির হায়দারের পক্ষে মামলার শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি আদালতে জানান, প্রত্যেক নাগরিকেরই পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত সাংবাদিক মনির হায়দার গত বছরের সেপ্টেম্বর মাসে তাঁর মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) মেয়াদ শেষ পর্যায়ে এলে নতুন পাসপোর্ট ইস্যুর জন্য প্রয়োজনীয় ফি দিয়ে যথাযথ প্রক্রিয়ায় নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে আবেদন করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে পাসপোর্ট দেওয়া হয়নি। এমনকি পাসপোর্ট না দেওয়ার কারণ সম্পর্কেও কোনো সদুত্তর দেওয়া হচ্ছিল না। এই প্রেক্ষাপটে নভেম্বর মাসের শেষের দিকে তিনি কনসাল জেনারেল বরাবরে লিখিত এক চিঠির মাধ্যমে পাসপোর্ট আবেদনের অগ্রগতির বিষয়ে জানতে চান। কিন্তু তারও কোনো জবাব মেলেনি। এ অবস্থায় তার পক্ষে হাইকোর্টে রিট করেন তাঁর ছোট ভাই নজরুল ইসলাম খোকন।

দৈনিক মানবজমিনের ডেপুটি এডিটর মনির হায়দার ২০১৪ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রে যাওয়ার পূর্ব পর্যন্ত বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টকশোতে নিয়মিত অংশ নিতেন।