সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার পুনঃ তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার পুনঃ তদন্ত ও বিচারের দাবিতে রাজধানীতে গতকাল শুক্রবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মানিক সাহার জেলা খুলনাতেও একই দাবিতে পৃথক কর্মসূচি পালিত হয়। ২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে খুলনা প্রেসক্লাবের অদূরে সন্ত্রাসীরা সাংবাদিক মানিক সাহাকে বোমা মেরে হত্যা করে। গতকাল শুক্রবার ছিল সেই হত্যাকাণ্ডের ষষ্ঠ বার্ষিকী। দিনটির স্মরণে গতকাল বেলা ১১টায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, মানিক সাহাকে দুই বার হত্যা করা হয়েছে; একবার বোমা মেরে, একবার বিভ্রান্তিকর অভিযোগপত্র দিয়ে। তাঁরা অভিযোগ করেন, সরকার ও প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এই হত্যার ঘটনায় জড়িত ছিল। তারাই এই হত্যা মামলাকে প্রভাবিত করেছে। হত্যার রহস্য উদ্ঘাটনে একটি তদন্ত কমিশন গঠনেরও দাবি করা হয় কর্মসূচিতে। সাংবাদিক নিখিল ভদ্রের পরিচালনায় এই মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, নিজেরা করি সমন্বয়কারী খুশি কবীর, পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, সিপিবির নেতা রুহিন হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক পথিক সাহা প্রমুখ বক্তব্য রাখেন। খুলনা প্রতিনিধি জানান, মানিক সাহার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে খুলনা প্রেসক্লাবের চত্বরে শহীদ সাংবাদিক স্মৃতিসৌধে জেলা আওয়ামী লীগ, সিপিবি, ছাত্র ইউনিয়ন, খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা মহানগর উদীচী শিল্পী গোষ্ঠী, নিজেরা করি, মানিক সাহা স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।