সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিক সাহা
মানিক সাহা

দীর্ঘ এক যুগ পর রায় হতে যাচ্ছে খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার। আজ বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করবেন।
উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত সোমবার চাঞ্চল্যকর এই হত্যা ও বিস্ফোরক মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন বিচারক।
মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক বলেন, সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মামলাটির রায় ঘোষণার জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করেন। একই সঙ্গে জামিনে থাকা চার আসামির জামিন বাতিল করে তাঁদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তবে জামিনে থাকা আসামিদের মধ্যে বুলবুল, হাই ইসলাম ও আকরাম আদালতে উপস্থিত থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করে আসামি মিঠুল অনুপস্থিত ছিলেন।
একুশে পদকপ্রাপ্ত মানিক সাহাকে ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের মাত্র ৫০ গজ দূরে সন্ত্রাসীরা বোমা মেরে হত্যা করে। ঘটনার দুদিন পর ১৭ জানুয়ারি খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) রণজিৎ কুমার দাস বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার তৎকালীন ওসি মোশাররফ হোসেন হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১৯ মার্চ অপর তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এসআই আসাদুজ্জামান ফরাজী বিস্ফোরক অংশের অভিযোগপত্র আদালতে দাখিল করেন। দীর্ঘ এক যুগেও হত্যা ও বিস্ফোরক আইনের দুই অংশের কোনো অংশেরই নিষ্পত্তি হয়নি। দুই দফা তদন্ত শেষে (অধিকতর তদন্তসহ) ২০০৮ সালের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় মোট আসামি ছিল ১৩ জন।