সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার রায় কাল
দীর্ঘ এক যুগ পর খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার রায় হতে যাচ্ছে। আগামীকাল বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদারের এ রায় ঘোষণা করার কথা।
উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গতকাল সোমবার চাঞ্চল্যকর এই হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা দুটির রায় ঘোষণার দিন ধার্য করেন বিচারক।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক জানান, সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মামলার রায় ঘোষণার জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করেন। একই সঙ্গে জামিনে থাকা চার আসামির জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে জামিনে থাকা আসামিদের মধ্যে বুলবুল, হাই ইসলাম ও আকরাম আদালতে উপস্থিত থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করে আসামি মিঠুন অনুপস্থিত ছিলেন।
একুশে পদকপ্রাপ্ত মানিক সাহাকে ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের মাত্র ৫০ গজ দূরে সন্ত্রাসীরা বোমা মেরে হত্যা করে। ঘটনার দুদিন পর ১৭ জানুয়ারি খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) রণজিৎ কুমার দাস বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১৯ মার্চ অপর তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার এসআই আসাদুজ্জামান ফরাজি বিস্ফোরক মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন।
মানিক সাহা হত্যা মামলায় ৫৪ জন সাক্ষীর মধ্যে ৪৯ জনের এবং বিস্ফোরক মামলায় ১৬ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন।
দুই দফা তদন্ত শেষে (অধিকতর তদন্তসহ) ২০০৮ সালের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় মোট আসামি ছিল ১৩ জন। সম্পূরক অভিযোগপত্রে আরও একজনকে অভিযুক্ত করে মোট আসামি হয় ১৪ জনকে। এর মধ্যে তিনজন ক্রসফায়ারে নিহত হয়েছে।