সাংবাদিক মানিক সাহার নবম মৃত্যুবার্ষিকী পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় গতকাল মঙ্গলবার একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার নবম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।সকালে খুলনার প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, মহানগর আওয়ামী লীগ, সাংবাদিক মানিক সাহা স্মৃতি পরিষদ ও মানিক সাহার পরিবারের সদস্যদের পক্ষ থেকে জেলার প্রেসক্লাব চত্বরে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ছাত্র ইউনিয়নের খুলনা জেলা সংসদের উদ্যোগে ওই স্মৃতিস্তম্ভের পাদদেশে প্রদীপ জ্বালানো হয়।বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। অন্যদের মধ্যে বক্তব্য দেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান; প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগম ফেরদৌসী আলী, ওয়াদুদুর রহমান ও আহমদ আলী খান; ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, এস এম হাবিব প্রমুখ।২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের কাছে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন মানিক সাহা। ২০০৯ সালে তিনি সাংবাদিকতায় মরণোত্তর একুশে পদক লাভ করেন। জীবদ্দশায় তিনি দৈনিক সংবাদ, বিবিসি, একুশে টেলিভিশন ও নিউ এজ পত্রিকায় কাজ করেন। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়ন এবং পরবর্তী সময় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।