সাংবাদিক মামুনের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি
বগুড়ার সোনাতলা উপজেলার স্থানীয় সাংবাদিক ও দৈনিক আমাদের সময়-এর উপজেলা প্রতিনিধি আল মামুনের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছেন সেখানকার সাংবাদিকেরা। সোনাতলা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে উপজেলা সদরের সোনালী ব্যাংক মোড়ে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক রবিউল ইসলাম, ইকবাল কবির, বেলাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে সাংবাদিকেরা অভিযোগ করেন, ৪ জুন উপজেলার বালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক মামুনের ওপর হামলা হয়। এ ঘটনায় গত সোমবার মামুন বাদী হয়ে আটজনকে আসামি করে সোনাতলা থানায় মামলা করেছেন। কিন্তু ঘটনার পর চার দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।