সাংবাদিক মারধরের অভিযোগে বিচার শুরু গোলাম মাওলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের মারধরের অভিযোগে করা মামলায় সাবেক সাংসদ গোলাম মাওলার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী ২০ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এর মাধ্যমে এ মামলার বিচার শুরু হলো।
আদালতে উপস্থিত গোলাম মাওলা নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার দাবি করেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, বেসরকারি টেলিভিশন ইন্ডিপেনডেন্টের সাংবাদিক ইমতিয়াজ ও চিত্রগ্রাহক মহসিন মুকুল ২০১৩ সালের ২০ জুলাই ঢাকার তোপখানা রোডের মেহরাব প্লাজায় পটুয়াখালীর তৎকালীন সাংসদ গোলাম মাওলার কার্যালয়ে সংবাদ সংগ্রহের জন্য যান। এ সময় গোলাম মাওলা দুই সাংবাদিককে মারধর করে আটকে রাখেন।
এ ঘটনায় ইন্ডিপেনডেন্টের ইউনুস আলী শাহবাগ থানায় মামলা করেন।