জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক আহমেদ রিয়াদকে মারধরের ঘটনায় চার ছাত্রকে ছয় মাসের জন্য এবং দুই ছাত্রকে তিন মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ওপর ভিত্তি করে ১০ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ছয় মাসের জন্য বহিষ্কৃত ছাত্ররা হলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মো. নাহিদ হোসেন ও মোহামঞ্চদ মাজেদ সীমান্ত, প্রত্নতত্ত্ব বিভাগের মো. মশিউর রহমান রোজেল, সরকার ও রাজনীতি বিভাগের মো. রাশিদুল হক পিয়াস। তিন মাসের জন্য বহিষ্কৃত ছাত্ররা হলেন, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের মো. শামীম হোসেন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মো. মনিরুল ইসলাম। গত বছরের ২২ নভেম্বর সন্ধ্যায় ফুটবল খেলার স্থানে ক্রিকেট বল চলে যাওয়াকে কেন্দ্র করে আহমেদ রিয়াদের সঙ্গে বহিষ্কৃত ছাত্র ও ছাত্রলীগকর্মীদের বাগিবতণ্ডার ঘটনা ঘটে। পরে তাঁরা ক্রিকেট স্টাম্প নিয়ে রিয়াদকে ধাওয়া করলে রিয়াদ দৌড়ে মাঠসংলগ্ন জাহাঙ্গীরনগর সুপার মার্কেটের একটি খাবারের দোকানে আশ্রয় নেন। ছাত্রলীগকর্মীরা দোকানের ভেতেরে গিয়ে রিয়াদকে স্টাম্প দিয়ে বেধড়ক মারধর করেন।