সাংবাদিক মাহবুবুল আলম আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক মাহবুবুল আলম
সাংবাদিক মাহবুবুল আলম

দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার সাবেক সম্পাদক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহবুবুল আলম আর নেই। আজ শুক্রবার সকালে তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, সকাল নয়টা ২৫ মিনিটে মাহবুবুল আলম মারা যান। বেশ কিছুদিন ধরে তিনি লিভারে প্রদাহ, ডায়াবেটিস, বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
এদিকে মাহবুবুল আলমের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। শোক বাণীতে তাঁরা মরহুমের বর্ণাঢ্য পেশাগত জীবন, দেশের সাংবাদিকতার উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংবাদিক মাহবুবুল আলমের ভাগনে ও দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার সহকারী সম্পাদক সৈয়দ মেহেদী মোমেন বলেন, মাহবুবুল আলমের মরদেহ বারডেম হাসপাতাল থেকে প্রথমে গুলশান-২ (সড়ক-৪৮, বাড়ি ১০/বি)-এ তাঁর ছোট ভাইয়ের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আজ বাদ আসর গুলশানের গ্রান্ড আজাদ মসজিদে প্রথম এবং আগামীকাল শনিবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে মাহবুবুল আলমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
মেহেদী মোমেন বলেন, মাহবুবুল আলমের স্ত্রী ও তিন মেয়ে (মহুয়া আলম, হিজল আলম ও পাপিয়া আলম) বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁরা দেশে ফিরলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগ পর্যন্ত মাহবুবুল আলমের মৃতদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে বলে তিনি জানান। 

মাহবুবুল আলমের জন্ম ১৯৩৫ সালের ৫ ফেব্রুয়ারি, মুন্সিগঞ্জে। দীর্ঘদিন ধরে তিনি ইনডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক, ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের তথ্য উপদেষ্টা, ভুটানের রাষ্ট্রদূত, বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির (নোয়াব) সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।