সাংবাদিক মাহবুবুল আলম আর নেই

প্রবীণ সাংবাদিক মাহবুবুল আলম আর নেই। একাধিক ইংরেজি দৈনিকের সম্পাদক, কূটনীতিক, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা বর্ণাঢ্য জীবনের অধিকারী এই বরেণ্য সাংবাদিক গতকাল শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাহবুবুল আলমের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন৷ শারীিরক অবস্থার অবনতি হওয়ায় গত মঙ্গলবার তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই গতকাল তিনি মারা যান। তিনি স্ত্রী, তিন মেয়ে, আত্মীয়স্বজন এবং বিপুলসংখ্যক শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর স্ত্রী ও মেয়েরা বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন৷
স্বাধীনতা-পরবর্তী প্রায় সব সরকারের সময়ে মাহবুবুল আলম গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে রাজনৈতিক সংকট চলাকালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। ওই সময়ে চরম রাজনৈতিক সংকটে ‘সুড়ঙ্গের শেষ প্রান্তে আলো দেখা যাচ্ছে’—এমন আশাজাগানিয়া মন্তব্য করে তিনি সবার দৃষ্টি কাড়েন৷
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং জাতীয় সংসদের িস্পকার শিরীন শারমিন চৌধুরী পৃথক শোকবাণীতে সাংবাদিকতায় মাহবুবুল আলমের অবদানের কথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
বারডেম হাসপাতাল থেকে মাহবুবুল আলমের মরদেহ গুলশানে তাঁর ভাইয়ের বাসায় নেওয়া হয়। হাসপাতাল ও বাসায় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা তঁার প্রতি শ্রদ্ধা জানাতে যান৷ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত জানাজায় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এরপর মরদেহ নেওয়া হয় তেজগাঁওয়ে ইনডিপেনডেন্ট পত্রিকা কার্যালয়ে৷ এরপর তাঁর মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়। আজ শনিবার বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্র জানায়, মাহবুবুল আলমকে আজই আজিমপুর নতুন কবরস্থানে দাফন করা হবে৷
মাহবুবুল আলম ১৯৩৫ সালে মুিন্সগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৫৭ সালে অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানে তাঁর সাংবাদিকতার শুরু। বিভিন্ন সময়ে তিনি সাপ্তাহিক ডায়ালগ ও নিউ নেশন পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) প্রধান সম্পাদক ছিলেন। তিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার (১৯৮৯-৯২) ছিলেন এবং এর আগে একই দূতাবাসের প্রেস কাউন্সিলর ছিলেন (১৯৭৮-৮০)। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রেস কাউন্সিলর হিসেবেও কাজ করেছেন (১৯৭৬-৭৮)। এ ছাড়া তিনি ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন (১৯৮৩-৮৬)। এর আগে ১৯৮০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ১৮ বছর তিনি ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক ছিলেন। গত বছরের অক্টোবরে তিনি অবসরে যান। ইনডিপেনডেন্ট পত্রিকা কর্তৃপক্ষ সাবেক সম্পাদকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে৷
সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াবের সাবেক সভাপতি ছিলেন মাহবুবুল আলম।
এক শোক বিবৃতিতে নোয়াবের ভারপ্রাপ্ত সভাপতি ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘নোয়াবের সভাপতি হিসেবে তিনি সংবাদপত্রের বিকাশ ও সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তা আমাদের ভবিষ্যৎ চলার পথে নিত্য প্রেরণার উৎস হয়ে থাকবে।’
সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক মাহ্ফুজ আনাম এক বিবৃতিতে বলেছেন, পরিষদের সদস্য হিসেবে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় তাঁর অগ্রণী ভূমিকা ছিল।
মাহবুবুল আলম ঢাকা ক্লাব, জাতীয় প্রেসক্লাব ও অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ এবং দুই অংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও এম এ আজিজ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি আলতাফ মাহমুদ ও আবদুল হাই শিকদার এবং দুই অংশের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ ও জাহাঙ্গীর আলম প্রধান পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন৷