সাংবাদিক মাহবুবুল আলমের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক মাহবুবুল আলম
সাংবাদিক মাহবুবুল আলম

দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার সাবেক সম্পাদক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহবুবুল আলমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ আসর রাজধানীর গুলশানের গ্র্যান্ড আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক মাহবুবুল আলমের ভাগনে ও দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার সহকারী সম্পাদক সৈয়দ মেহেদী মোমেন বলেন, আগামীকাল শনিবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে মাহবুবুল আলমের দ্বিতীয় জানাজা শেষে আজিমপুরের নতুন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। আগামী সোমবার গুলশান-২-এ (সড়ক-৪৮, বাড়ি ১০/বি) ছোট ভাইয়ের বাসায় মাহবুবুল আলমের কুলখানি অনুষ্ঠিত হবে।
আজ সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান মাহবুবুল আলম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, সকাল নয়টা ২৫ মিনিটে মাহবুবুল আলম মারা যান। বেশ কিছুদিন ধরে তিনি লিভারের প্রদাহ, ডায়াবেটিস, বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
মাহবুবুল আলমের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। শোক বাণীতে তাঁরা মরহুমের বর্ণাঢ্য পেশাগত জীবন, দেশের সাংবাদিকতার উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মাহবুবুল আলমের জন্ম ১৯৩৫ সালের ৫ ফেব্রুয়ারি, মুন্সিগঞ্জে। দীর্ঘদিন ধরে তিনি ইনডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক, ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের তথ্য উপদেষ্টা, ভুটানের রাষ্ট্রদূত, বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির (নোয়াব) সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।