সাংবাদিক মাহবুবুল আলমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
খ্যাতিমান সাংবাদিক মাহবুবুল আলমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৬ জুন। গত বছরের এই দিনে ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।
মাহবুবুল আলমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মুন্সিগঞ্জে তাঁর গ্রামের বাড়িতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য দেশবাসীর কাছে অনুরোধ জানানো হয়েছে।
মাহবুবুল আলম ৫০ বছরের বেশি সময় সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। বাংলাদেশের স্বনামধন্য ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট পত্রিকায় প্রায় ১৮ বছর সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক, লন্ডনে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসিতে মিনিস্টার (প্রেস) ও ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বও তিনি পালন করেন।
২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের তথ্য উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলম। বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালনকালে এ দেশের সংবাদপত্রের উন্নয়ন ও বিকাশে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। বিজ্ঞপ্তি।