সাংবাদিক মাহবুবুল আলমের মৃত্যুতে নোয়াবের শোক
প্রবীণ সাংবাদিক, দ্য ইনডিপেনডেন্টের সাবেক সম্পাদক ও নোয়াবের সাবেক সভাপতি মাহবুবুল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
আজ শুক্রবার নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীরভাবে শোকাভিভূত। দীর্ঘ প্রায় ছয় দশকের সাংবাদিকতা জীবনে তাঁর অগ্রণী ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বিশেষ করে নোয়াবের সভাপতি হিসেবে তিনি সংবাদপত্রের বিকাশ ও সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তা আমাদের ভবিষ্যত্ চলার পথে নিত্য প্রেরণার উত্স হয়ে থাকবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘মাহবুবুল আলম তাঁর দীর্ঘ জীবনে সাংবাদিকতা পেশার বাইরে অত্যন্ত সফলতার সঙ্গে কূটনৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের তথ্য উপদেষ্টা হিসেবে তাঁর বিশেষ ভূমিকাও স্মরণীয় হয়ে থাকবে। আমরা মাহবুবুল আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।’
আজ সকালে মাহবুবুল আলম রাজধানীর বারডেম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।