সাংবাদিক মিজানকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে আজ সকালে এই প্রতিবাদী মানববন্ধন হয়। কর্মসূচির আয়োজক স্থানীয় প্রথম আলো বন্ধুসভা। ছবি: প্রথম আলো
নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে আজ সকালে এই প্রতিবাদী মানববন্ধন হয়। কর্মসূচির আয়োজক স্থানীয় প্রথম আলো বন্ধুসভা। ছবি: প্রথম আলো

প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানের ওপর পুলিশি নির্যাতন ও সাজানো মামলায় গ্রেপ্তার করে হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে। কর্মসূচি থেকে দায়ীদের বিচারের দাবি জানানো হয়েছে।
আজ বুধবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এই প্রতিবাদী মানববন্ধন হয়। কর্মসূচির আয়োজক ছিল প্রথম আলো বন্ধুসভা, নোয়াখালী।
আধঘণ্টার এ কর্মসূচিতে বন্ধুসভার সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যমের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি উপলক্ষে আজ সকাল থেকে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনের জজকোর্ট সড়কে মানববন্ধন শুরু হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের গণমাধ্যম ও সংবাদকর্মীদের স্বাধীনতা আজ হুমকির মুখে। সত্য প্রকাশের কারণে গণমাধ্যমকে নানাভাবে চাপের মধ্যে রাখা হচ্ছে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালিয়ে এবং মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সাংবাদিক মিজানের ওপর পুলিশি নির্যাতন ও সাজানো মামলা তারই প্রমাণ।
এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৭ মার্চ রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজার এলাকা থেকে মিজানুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁকে থানায় নিয়ে রাতভর নির্যাতন করা হয়। পরদিন পাঠানো হয় কারাগারে।
২২ মার্চ রোববার পটুয়াখালীর দ্বিতীয় বিচারিক হাকিম এ এস এম তারিক শামসের আদালতে মিজানের উপস্থিতিতে জামিনের আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাঁর চিকিৎসার আবেদন করা হলে আদালত পটুয়াখালী জেল সুপারকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার আদেশ দেন।
পরে বিচারিক হাকিমের আদেশের বিরুদ্ধে গত সোমবার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতে মিজানের অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে আবেদন করা হয়। গতকাল এ আবেদনের ওপর শুনানি হয়। আদালত ফের শুনানির জন্য আগামী ১ এপ্রিল তারিখ ধার্য করেছেন। একই সঙ্গে মিজানুরের স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলার সিভিল সার্জনের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। ৩১ মার্চের মধ্যে এই বোর্ডকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মিজানুরকে পুলিশি হেফাজতে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। তাঁকে নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কেন যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, আদালত তা-ও জানতে চেয়েছেন।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল মঙ্গলবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) আট বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মিজানুর রহমানের বাবা আবদুস সালাম গত সোমবার হাইকোর্টে রিট আবেদনটি করেন। ওই আবেদনে মিজানুরকে নির্যাতনের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি ও ক্ষতিপূরণের জন্য উচ্চ আদালতের নির্দেশনা চাওয়া হয়।