সাংবাদিক মিজানকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বাউফল উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ ও তাঁর বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। রাজবাড়ী জেলার সাংবাদিকদের আয়োজনে এই কর্মসূচিতে সমাজের অন্যান্য শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মতিয়ার রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সহসভাপতি আবদুস সামাদ মিয়া, শিক্ষক শামীমা আক্তার প্রমুখ।
বক্তারা মিজানুরের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা ও দায়ীদের বিচার দাবি করেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
গত ১৭ মার্চ উপজেলার কালাইয়ার ল্যাংড়া মুন্সির পুল এলাকায় কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় স্থানীয় নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হালিম খান বাদী হয়ে মিজানুরের বিরুদ্ধে মারধর ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে বাউফল থানায় একটি সাজানো মামলা করেন। রাতেই মিজানকে গ্রেপ্তার করে পুলিশ থানায় রাতভর আটকে নির্যাতন করে। পর দিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাঁকে।
মিজানুরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগেও একটি ‘মিথ্যা মামলা’ হয়েছে। গত বছরের ১৭ ডিসেম্বর বাউফলের চন্দ্রদ্বীপ এলাকার আলম সিকদার মিজানুরের বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে পটুয়াখালী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি-২ আদালতে মামলাটি করেন। আলম চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এই মামলায় মিজানুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।