সাংবাদিক মিজানুরকে নির্যাতনের বিষয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানকে পুলিশি হেফাজতে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। মিজানুরকে নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কেন যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, আদালত তা-ও জানতে চেয়েছেন।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আজ মঙ্গলবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) আট বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মিজানুর রহমানের বাবা আবদুস সালাম গত সোমবার হাইকোর্টে রিট আবেদনটি করেন। ওই আবেদনে মিজানুরকে নির্যাতনের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি এবং ক্ষতিপূরণের জন্য উচ্চ আদালতের নির্দেশনা চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আজ ওই আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রফিক- উল হক। শুনানিতে তিনি বলেন, পুলিশি হেফাজতে মিজানুরকে নির্যাতন করা অবৈধ ও অসাংবিধানিক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

রিট আবেদন জমাদানকারী আইনজীবী মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, যে আটজনকে বিবাদী করা হয়েছে, তাঁরা হলেন, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, পটুয়াখালীর পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেব আলী পাঠান, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার, কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির প্রধান, ওই পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হালিম খান ও শফিকুল ইসলাম।

পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৭ মার্চ রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজার এলাকা থেকে মিজানুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে রাতভর নির্যাতন করা হয়। পরদিন তাঁকে পাঠানো হয় কারাগারে। ২২ মার্চ রোববার পটুয়াখালীর দ্বিতীয় বিচারিক হাকিম এ এস এম তারিক শামসের আদালতে মিজানের উপস্থিতিতে জামিনের আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাঁর চিকিৎসার আবেদন করা হলে আদালত পটুয়াখালীর জেল সুপারকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার আদেশ দেন।