সাংবাদিক মিজানুরের স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল বোর্ড

পুলিশের অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার প্রথম আলোর পটুয়াখালীর বাউফল উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
গতকাল বুধবার পটুয়াখালী সিভিল সার্জনের কার্যালয় থেকে চার সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করে আগামী ২৯ মার্চ মিজানুরের স্বাস্থ্য পরীক্ষার দিন ধার্য করা হয়। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পরের দিন ৩০ মার্চ এই কার্যালয়ে দাখিল করার জন্য বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এই বোর্ড গঠনের আগে গত মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে মিজানুর রহমানের অন্তর্বর্তীকালীন জামিন আবেদনের ওপর শুনানি হয়। আদালত তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিভিল সার্জনকে মেডিকেল বোর্ড গঠন ও ৩১ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আদালতের নির্দেশনা পেয়ে গতকাল ওই বোর্ড গঠন করা হয়। পটুয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) মো. মনিরুল আহসানকে আহ্বায়ক, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. লোকমান হাকিমকে সদস্যসচিব এবং জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক) মো. সেলিম মাতবর ও জেলা কারাগারের মেডিকেল অফিসারকে সদস্য করে এই বোর্ড গঠন করা হয়েছে।
সিভিল সার্জন এ এম মজিবুল হক জানান, মেডিকেল বোর্ডের কাজ সম্পন্ন করতে ওই হাসপাতালের একটি কক্ষ প্রস্তুত, বোর্ডের চিকিৎসকদের উপস্থিত নিশ্চিত এবং জেলা কারাগার থেকে মিজানুর ও তাঁর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র বোর্ডে উপস্থিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেল সুপারকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।
গত ১৭ মার্চ রাতে বাউফল উপজেলার কালাইয়ার ল্যাংরা মুন্সির পোল এলাকায় হাতাহাতির ঘটনায় কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. হালিম খান বাদী হয়ে মিজানুরের বিরুদ্ধে মারধর ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে বাউফল থানায় একটি সাজানো মামলা করেন। রাতেই মিজানুরকে গ্রেপ্তার করে পুলিশ রাতভর থানায় আটকে নির্যাতন চালায়। পরদিন আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে ঢোকায় পুলিশ।
গত রোববার পটুয়াখালীর দ্বিতীয় বিচারিক হাকিম এ এস এম তারিক শামসের আদালতে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন এবং পুটুয়াখালী জেল সুপারকে কারাবিধি অনুযায়ী তাঁর সুচিকিৎসার আদেশ দেন।
জামিন আবেদন নাকচ করে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে মিজানুরের অন্তর্বর্তীকালীন জামিন আবেদনের ওপর মঙ্গলবার শুনানি গ্রহণ করেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার। আদালত ফের শুনানির জন্য ১ এপ্রিল তারিখ ধার্য করেছেন।