সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় তিন আসামির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় তিন আসামি জামিন পেয়েছেন।

বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ অন্তর্বর্তীকালীন ওই জামিন দেন।
জামিন পাওয়া তিনজন হলেন ইউসুফ নবী ওরফে বাহাদুর, আবদুল আমিন ও আজিজুল হক ওরফে মানিক।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস ও মো. সালাহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। পরে বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, হাইকোর্ট রুল দিয়ে তিন মাসের জামিন দিয়েছেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ থেকে আপিল বিভাগে আবেদন করা হবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জের বসুরহাটের মেয়র ও সেতুমন্ত্রীর ভাই কাদের মির্জার ‘অব্যাহত মিথ্যাচারের’ প্রতিবাদে গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাপরাশিরহাট বাজারে বিক্ষোভ মিছিল হয়। মিছিল বের করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের সমর্থকেরা। মিছিলটি তাঁর বাড়ি থেকে বের হয়ে চাপরাশিরহাট মধ্যম বাজারে গেলে কাদের মির্জার অনুসারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি চলাকালে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন গুলিবিদ্ধ হন। গত ২০ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহত সাংবাদিক বুরহানের বাবা নুরুল হুদা বাদী হয়ে ২৩ ফেব্রুয়ারি অজ্ঞাতনামাদের নামে থানায় একটি হত্যা মামলা করেন।