বিশিষ্ট সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আর নেই

ইংরেজি দৈনিক ‘ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’-এর সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
পরিবারের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ফুসফুসের জটিলতা নিয়ে গত বেশ কিছুদিন থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোয়াজ্জেম হোসেন। বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি মারা যান।
কিছুদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন দেশের বিশিষ্ট সাংবাদিক মোয়াজ্জেম হোসেন। শেষ কয়েক দিন স্কয়ার হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার জোহরের নামাজের পর আজিমপুর কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর প্রকাশনা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পাবলিকেশনস লিমিটেডের (আইপিএল) প্রকাশক ছিলেন মোয়াজ্জেম হোসেন। ইংরেজি দৈনিকটির প্রকাশনা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পাবলিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও ছিলেন তিনি।
প্রথিতযশা এই সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন ১৯৬৭ ও ১৯৬৮ সালে। সাংবাদিক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয় বাংলাদেশ অবজারভার-এ। এ ছাড়া তিনি নিউ নেশন, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), ঢাকা কুরিয়ার এবং ডেইলি স্টার-এ কর্মরত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষে মোয়াজ্জেম হোসেন ১৯৬৮ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচিতে হাবিব ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পাকিস্তান সরকারের অর্থ মন্ত্রণালয়ের গবেষণা বিভাগেও কাজের অভিজ্ঞতা ছিল তাঁর। তিনি ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। এ ছাড়া ১৯৯৭ থেকে ২০০০ সালে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। মোয়াজ্জেম হোসেন দেশের অর্থনৈতিক রিপোর্টের একজন অগ্রণী সাংবাদিক।
মোয়াজ্জেম হোসেন টানা দুই মেয়াদে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের পরিচালক ছিলেন। এ ছাড়া ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মালিকানাধীন প্রতিষ্ঠান সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সাউথইস্ট ব্যাংকের পরিচালক ছিলেন তিনি।