সাংবাদিক রকিবুলের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় বেসরকারি একটি টেলিভিশনের বার্তা সম্পাদক রকিবুল ইসলাম মুকুলের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে এ মামলায় তাঁর সঙ্গে আসামি হিসেবে থাকা নারীর জামিন মঞ্জুর হয়েছে।
ঢাকার মহানগর হাকিম শামছুল আরেফীন গতকাল সোমবার এ আদেশ দেন। গত বৃহস্পতিবার ওই নারী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠান।
আদালতে গতকাল ওই নারী ও রকিবুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম মোস্তফা খান। এ সময় মামলার বাদী নাজনীন আকতার আদালতে উপস্থিত ছিলেন। জামিনের বিরোধিতা করেন বাদীর আইনজীবী কাজী নজিবুল্লাহ। শুনানি শেষে আদালত রকিবুলের জামিন নামঞ্জুর ও ওই নারীর জামিন মঞ্জুর করেন। দৈনিক জনকণ্ঠ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন রকিবুলের স্ত্রী।
নির্যাতনের অভিযোগে গত ২৩ জুন নাজনীন মিরপুর থানায় রকিবুল ও এক নারীকে আসামি করে এ মামলা করেন। এ মামলায় রকিবুলকে ২৬ জুন রাতে গ্রেপ্তার করে পুলিশ। এক দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর একমাত্র মেয়ে চন্দ্রমুখী মারা যাওয়ার পর শোকে নাজনীন পাঁচতলা থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হন। এরপর তিনি দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে আবার তাঁরা দুজন সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এর মধ্যে রকিবুলের সঙ্গে তাঁর দাম্পত্য সমস্যা শুরু হয়। রকিবুল তাঁকে অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিকভাবে নির্যাতন করেন।