সাংবাদিক রকিবুলের সঙ্গে অভিযুক্ত নারী কারাগারে
নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় বেসরকারি একটি টেলিভিশনের বার্তা সম্পাদক রকিবুল ইসলাম মুকুলের সঙ্গে অভিযুক্ত এক নারীকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওই নারী গতকাল তাঁর আইনজীবী তাপস কুমার দাসের মাধ্যমে ঢাকার মহানগর হাকিম অমিত কুমার দের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানিতে তাঁর আইনজীবী বলেন, মামলায় রকিবুল ইসলামের সঙ্গে তাঁর সম্পর্ক থাকার কথা বলা হয়েছে, তা সঠিক নয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ছবি প্রকাশ করা হয়েছে তা তৈরি করা। তাঁর স্বামী একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। এ সময় আদালত আইনজীবীদের কাছে জানতে চান, আদালতে তাঁর স্বামী হাজির আছেন কি না। জবাবে আইনজীবীরা বলেন, আদালত চাইলে তাঁকে হাজির করা হবে। আদালত বলেন, স্বামী যদি স্ত্রীর জামিন নিতে চান, তবে জামিন আবেদন মঞ্জুর করা হবে।
তাপস কুমার দাস পরে প্রথম আলোকে বলেন, বিকেলে ওই নারীর স্বামীকে হাজির করা হয়। বিচারক তাঁর কাছে জানতে চান, তিনি স্ত্রীর জামিনদার হবেন কি না। এ বিষয়ে তিনি নিরুত্তর ছিলেন। এ কারণে আদালত ওই নারীর জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নির্যাতনের অভিযোগে গত ২৩ জুন মিরপুর থানায় রকিবুলের স্ত্রী ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আকতার তাঁর স্বামী ও ওই নারীকে আসামি করে একটি মামলা করেন। এ মামলায় রকিবুলকে ২৬ জুন রাতে গ্রেপ্তার করে পুলিশ। এক দিনের রিমান্ড শেষে রকিবুল এখন কারাগারে আছেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর একমাত্র মেয়ে চন্দ্রমুখী মারা যাওয়ার পর শোকে নাজনীন পাঁচতলা থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হন। এরপর তিনি দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে আবার তাঁরা দুজন সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এর মধ্যে রকিবুলের সঙ্গে তাঁর দাম্পত্য সমস্যা শুরু হয়। স্বামী রকিবুল বিভিন্ন সময়ে তাঁকে অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিকভাবে নির্যাতন করেন।
নাজনীন অভিযোগ করেন, বিভিন্ন সময়ে রকিবুল তাঁর কাছ থেকে টাকাও নিয়েছেন। সর্বশেষ রাজউকের পূর্বাচল প্রকল্পে বরাদ্দ পাওয়া একটি প্লটের কিস্তির জন্য তিনি ১৪ লাখ টাকা দেন রকিবুলকে।