সাংবাদিক রবিউল্লাহ রিমান্ডে মুমতাজ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার দৈনিক ইনকিলাব-এর বার্তা সম্পাদক রবিউল্লাহকে গতকাল বুধবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মানবজমিন-এর সিলেটের বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এদিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দৈনিক সমকাল-এর বরিশাল ব্যুরোপ্রধান এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জিকে হত্যাচেষ্টায় মামলা হয়েছে।
গতকাল মহানগর ডিবির পরিদর্শক আজিজুর রহমান গতকাল রবিউল্লাহকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিউল্লাহর আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।
গত মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর আর কে মিশন রোডে ইনকিলাব-এর কার্যালয়ে অভিযান চালিয়ে বার্তা সম্পাদককে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও কয়েকজন সাংবাদিককে খোঁজ করে পুলিশ।
গত সোমবার ইনকিলাব পত্রিকায় ‘প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে একচ্ছত্র আধিপত্য এক পুলিশ কর্মকর্তার’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। এরপর গত মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহকারী মহাপরিদর্শক (এআইজি) প্রলয় কুমার জোয়ারদার বাদী হয়ে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক, বার্তা সম্পাদক, নগর সম্পাদক, প্রধান প্রতিবেদক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেন। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, এজাহারভুক্ত বাকি চার আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
সাংবাদিক পুলক হত্যাচেষ্টায় মামলা: অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত সাংবাদিক পুলক চ্যাটার্জিকে হত্যাচেষ্টায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পুলক চ্যাটার্জি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক সুবল মুখার্জিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলক চ্যাটার্জি বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিশেষজ্ঞ চিকিৎসক জহুরুল হক বলেন, তিনি এখন বিপদমুক্ত। তবে জখমগুলো গুরুতর হওয়ায় তাঁকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য আজ বৃহস্পতিবার সুবল মুখার্জির রিমান্ড চাওয়া হবে।
সাংবাদিক মুমতাজ কারাগারে
মানবজমিন পত্রিকার সিলেটের বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদকে গতকাল সকাল নয়টার দিকে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই আদালতে তিনি জামিন আবেদন করলে আদালত এর শুনানির জন্য আগামী রোববার তারিখ ধার্য করেছেন।
সাংবাদিক চৌধুরী মুমতাজকে গত মঙ্গলবার নগরের শেখঘাট এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। খবর পেয়ে সাংবাদিকেরা থানায় যান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, একজন নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রায় তিন ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ চৌধুরী মুমতাজকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখায়। সাংবাদিকদের অভিযোগ, মহানগর পুলিশের কিছু কর্মকর্তার বিরুদ্ধে মানবজমিনে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন করায় পুলিশের রোষানলে পড়ে চৌধুরী মুমতাজকে এ ঘটনায় ফাঁসানো হয়েছে। যে নারী বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন, তিনি পুলিশের ‘সোর্স’।
চৌধুরী মুমতাজ আহমদের বিরুদ্ধে অভিযোগ এবং পুলিশের গ্রেপ্তারের বিষয়টি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত কমিটি গঠন করে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সিলেট জেলা প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবাদ মিছিল, সভা ও মানববন্ধন
পুলক চ্যাটার্জির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিকেরা প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন।
সিলেটের সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদকে ‘সাজানো মামলায়’ গ্রেপ্তারের প্রতিবাদে সুনামগঞ্জ শহরে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।
সিলেটে কর্মরত সাংবাদিক ও সব সংগঠনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। দুপুরে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে ওই স্মারকলিপি দেওয়া হয়।
বিবৃতি: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও পুলিশের নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ এবং ডিইউজের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান যৌথ বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন।
আইন ও সালিশ কেন্দ্র এক বিবৃতিতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও পুলিশের নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের দায়িত্ব পালন, মতপ্রকাশের স্বাধীনতা এবং নিরাপত্তা হুমকির মুখে; যা সংবাদমাধ্যমের স্বাধীনতার মতো সাংবিধানিক অধিকার ও স্বীকৃত মানবাধিকারের চরম লঙ্ঘন।
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, সুনামগঞ্জ অফিস, নিজস্ব প্রতিবেদক, সিলেট ও বরিশাল অফিস]