সাংবাদিক রেজাউল হকের ইন্তেকাল
প্রবীণ সাংবাদিক ও ভাষা সৈনিক রেজাউল হক বাচ্চু গত শুক্রবার ভোর ছয়টায় তাঁর ধানমন্ডির বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওই দিন কেরানীগঞ্জের ভাওয়াল মনোহরিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর কুলখানি ১ নভেম্বর বাদ মাগরিব রোড নং-৪, বাড়ি নং-৩১/বি, ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত হবে। খবর বাসসের।রেজাউল হক বাচ্চু দেশের খ্যাতিমান সাংবাদিক প্রয়াত ওয়াহিদুল হকের ভাই এবং রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হকের বাবা। তিনি বাংলাদেশ অবজারভার ও মর্নিং সানসহ বিভিন্ন ইংরেজি দৈনিকে সাংবাদিকতা করেন। তাঁর বাবা মাজহারুল হক ছিলেন ব্রিটিশ আমলে এমএলএ।রেজাউল হকের মৃত্যুতে বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আলতাফ মাহমুদ, ডিইউজের সভাপতি শাহ আলমগীর, সাধারণ সম্পাদক আবু জাফর গভীর শোক প্রকাশ করেছেন।