সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চায় ডুজা
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা-নির্যাতন ও মামলা দিয়ে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। রোজিনা ইসলামকে নির্যাতনে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার দাবিও জানিয়েছে ডুজা।
আজ বুধবার ডুজার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
ডুজার বিবৃতিতে বলা হয়, প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার শিকার হয়েছেন। এরপর মামলা দিয়ে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড নামঞ্জুর করলেও এ মুহূর্তে রোজিনা ইসলাম কারান্তরীণ। এ ঘটনা রোজিনা ইসলাম, গণমাধ্যমের স্বাধীনতা, রাষ্ট্রের দুর্নীতিবিরোধী নীতি ও মূল্যবোধের ওপর প্রচণ্ড এক আঘাত। রোজিনা ইসলামের মতো একজন স্বনামধন্য অনুসন্ধানী সাংবাদিককে হেনস্তা ও হয়রানির ঘটনা দেশের স্বাধীন সাংবাদিকতার জন্য এক অশনিসংকেত।
বিবৃতিতে ডুজার দুই নেতা বলেন, যে প্রক্রিয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনা ইসলামকে হয়রানি করা হয়েছে, এর মধ্য দিয়ে প্রজাতন্ত্রের ওই কর্মকর্তা-কর্মচারীরা শপথ ভঙ্গ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এই ন্যক্কারজনক ঘটনার বিচারবিভাগীয় তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করছে। একই সঙ্গে রোজিনা ইসলামের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করছে।
ডুজার নেতারা আরও বলেন, ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের’ অধীনে একটি মামলা দিয়ে রোজিনা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ১৯২৩ সালে প্রণীত এই আইন ব্রিটিশ শাসনকে পাকাপোক্ত করার কাজে ব্যবহার করা হতো। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে এ ধরনের ঔপনিবেশিক আইন ব্যবহার করে সাংবাদিক হেনস্তার ঘটনা স্বাধীন গণমাধ্যমের মূলে কুঠারাঘাত। এ ধরনের আইন ২০০৯ সালে প্রণীত তথ্য অধিকার আইনের উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের প্রয়োগ প্রকারান্তরে দেশে দুর্নীতিকে উৎসাহিত করবে বলে তাঁরা মনে করছেন।
বিবৃতিতে আরও বলা হয়, রোজিনা ইসলামের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের বিচার নিশ্চিত করে সরকার সংবিধানে প্রতিশ্রুত গণমাধ্যমের স্বাধীনতাকে সমুন্নত করতে সচেষ্ট হবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আশা করে।
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গত সোমবার সচিবালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। পরে রাতে তাঁকে রাজধানীর শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। মধ্যরাতে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
গতকাল মঙ্গলবার সকালে রোজিনা ইসলামকে আদালতে নেওয়া হয়। আদালত তাঁর বিরুদ্ধে রিমান্ড আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ রোজিনার মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে৷
রোজিনা ইসলাম সম্প্রতি স্বাস্থ্য খাতে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছেন। এ কারণে তিনি কারও কারও আক্রোশের শিকার হয়েছেন বলে মনে করা হচ্ছে। তাঁকে হেনস্তা ও হয়রানির প্রতিবাদে সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানিয়ে যাচ্ছেন। দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়ে তাঁর মুক্তি দাবি করেছে।