সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১৫ সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম জানান, ছাত্রলীগের দ্বারা সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিচার চাইতে বেলা আড়াইটার দিকে উপাচার্যের কার্যালয়ের মিলনায়তনে উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের আলোচনা হয়। পরে উপাচার্য তাঁদের দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করতে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল আলম খানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।