সাংবাদিক লাঞ্ছিত ঘটনার তদন্ত শুরু
বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির যুগ্ম বার্তা সম্পাদক গিয়াস আহমেদকে মারধরের ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদের নির্দেশে পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক পশ্চিম) মোহাম্মদ ইলিয়াস শরিফকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গতকাল বৃহস্পতিবার তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটির সদস্যরা গতকাল গিয়াস আহমেদের মহাখালীর বাসভবনে যান। তাঁরা ওই সাংবাদিক এবং তাঁর গাড়িচালক মাহমুদ হাসানের সঙ্গে কথা বলেন। এ সময় লাঞ্ছিত সাংবাদিক ও তাঁর গাড়িচালক জানিয়েছেন, গত ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর সোনারগাঁও ক্রসিংয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও কনস্টেবলের কাছে দীর্ঘসময় সড়ক বন্ধ করে রাখার কারণ জানতে চাইলে তাঁরা দুর্ব্যবহার করেন, তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে বেদম মারধর করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে থানাহাজতে আটকে রাখা হয়। এরপর সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে তিনি ছাড়া পান। তদন্ত কমিটি-প্রধানের কাছে সাংবাদিকের মা মরিয়ম আহমেদ বলেন, ‘আমি কোনো দিন আমার সন্তানের গায়ে হাত তুলিনি। তাঁকে কেন এভাবে মারধর করা হলো?’ গিয়াস আহমেদের স্ত্রী সুলতানা শিপলু বলেন, এই ঘটনাটি যেন তদন্ত কমিটির মধ্যেই হারিয়ে না যায়।তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ ইলিয়াস শরিফ বলেন, ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের চিঠি দেওয়া হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।