সাংবাদিক শফিকুল কবির আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবীণ সাংবাদিক শফিকুল কবির
প্রবীণ সাংবাদিক শফিকুল কবির

প্রবীণ সাংবাদিক শফিকুল কবির আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার বেলা দেড়টার দিকে রাজধানীর জুরাইনের বাড়িতে হঠাৎ বুকে ব্যথ্যা অনুভব করলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
শফিকুল কবির ষাটের দশকে দৈনিক ইত্তেফাক-এর প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া ও শহীদ সিরাজ উদ্দিন হোসেনের তত্ত্বাবধানে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইত্তেফাক-এর বিশেষ প্রতিনিধি ও প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন। ‘নোনতা খান’ নামে কলাম লিখে পাঠক সমাদৃত হন।
শফিকুল কবির ঢাকায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রধান সংগঠক ছিলেন। তিনি ১৯৯৫ সালে ডিআরইউর প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং ১৯৯৬-৯৭ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন।
গতকাল মাগরিবের নামাজের পর জুরাইনের আলম মার্কেটের পাশে শফিকুল কবিরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে তাঁর মরদেহ নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ডিআরইউর সদস্যরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। এশার নামাজের পর মরদেহ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে শফিকুল কবির স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান শফিকুল কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।