সাংবাদিক শহিদুলকে নির্যাতনের অভিযোগ তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনিতে দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামকে নির্যাতনের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পুলিশ সুপারের নিচে নয় এমন পদমর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে বিষয়টি ৩০ দিনের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পুলিশ প্রধানের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।

আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।

ওই ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গৃহীত হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার ডিআইজি, এসপি মাদারীপুরসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বিষয়টির পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ মে তারিখ রেখেছেন আদালত।

‘সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন, পরে মামলা দিয়ে গ্রেপ্তার’ শিরোনামে কালের কণ্ঠে আজ একটি প্রতিবেদন ছাপা হয়। এ প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

প্রতিবেদনে বলা হয়, মাদারীপুরের কালকিনিতে দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে । গত শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁকে এ নির্যাতন করা হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা করতে চাইলেও তা নেয়নি পুলিশ। উল্টো শুক্রবার রাতে তাঁর বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার করে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে।