সাংবাদিক শহিদুলকে নির্যাতনের অভিযোগ, তদন্তের নির্দেশ
মাদারীপুরের কালকিনিতে যায়যায়দিন–এর উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামকে নির্যাতনের অভিযোগ তদন্ত করতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পুলিশ সুপারের নিচে নন এমন পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে বিষয়টি ৩০ দিনের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পুলিশ মহাপরিদর্শকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংবাদপত্রে আসা একটি প্রতিবেদন বিবেচনায় নিয়ে গতকাল রোববার স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন। রুলে ওই ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি, মাদারীপুরের পুলিশ সুপারসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। পরবর্তী আদেশের জন্য আগামী ১৪ মে বিষয়টি তালিকায় আসবে। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
‘সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন, পরে মামলা দিয়ে গ্রেপ্তার’ শিরোনামে গতকাল একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়।