‘সত্যের কখনো মৃত্যু হয় না। সাংবাদিক শামছুর রহমান সেই সত্য লেখনীর মাধ্যমেই মানুষের মধ্যে বেঁচে আছেন ও থাকবেন।’ জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শামছুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ কথা বলেন। তিনি বলেন, সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। অথচ ১০ বছরেও রাষ্ট্র সাংবাদিক শামছুর রহমান হত্যার বিচার করতে পারেনি।যশোর প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শুক্রবার অনুষ্ঠিত এ স্মরণসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোহবান চৌধুরী, সাংবাদিক জহিরুল হক, সৈয়দ আখতার ইউসুফ, ফারাজী আজমল হোসেন, একরাম-উদ-দৌলা, শিক্ষাবিদ আমিরুল আলম খান ও সাংবাদিক শামছুর রহমানের সহধর্মিণী সেলিনা আক্তার। এতে সভাপতিত্ব করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান। এর আগে অতিথিরা কালো ব্যাচ ধারণ করে শহরের কারবালা কবরস্থানে যশোরের এই প্রথিতযশা সাংবাদিকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।