সাংবাদিক শামছুর রহমান হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক জনকণ্ঠ পত্রিকার দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি শামছুর রহমান হত্যা মামলার আসামি শুকুর আলীকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।কোতোয়ালি থানার পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে যশোর শহরের ঘোপ জেল সড়কের ট্যাক্সিস্ট্যান্ড এলাকা থেকে শুকুর আলীকে গ্রেপ্তার করে।যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আমির আব্বাস প্রথম আলোকে বলেন, শুকুর আলী ঘোপ এলাকার বাসিন্দা। তাঁর নামে দুটি হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে চার-পাঁচটি মামলা রয়েছে। শামছুর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মুশফিকুর রহমান হীরক ঘটনার পর থেকে জামিন নিয়ে পলাতক। আরেক আসামি খুলনার ওয়ার্ড কমিশনার আসাদুজ্জামান লিটু র‌্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হন। আরেক আসামি কোটচাঁদপুর উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান নাসির উদ্দিন কালু দুই বছর আগে মারা যান। অন্য আসামিরা জামিনে রয়েছেন।২০০০ সালের ১৬ জুলাই রাতে জনকণ্ঠর যশোর কার্যালয়ে দায়িত্বরত অবস্থায় সাংবাদিক শামছুর রহমানকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী সেলিনা আকতার ১৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০০১ সালে এই মামলায় ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর মামলার বর্ধিত তদন্ত হয় এবং ইত্তেফাক-এর সাংবাদিক ফারাজী আজমল হোসেনকে নতুন করে আসামি করা হয়। বাদ দেওয়া হয় মামলার গুরুত্বপূর্ণ একজন সাক্ষীকে। নতুন সাক্ষী করা হয় আসামিপক্ষের ঘনিষ্ঠ কয়েকজনকে।২০০৫ সালের জুন মাসে মামলার সব আসামির বিরুদ্ধে যশোরের বিশেষ জজ আদালতে অভিযোগ গঠন করা হয়। একই বছরের জুলাই মাসে বাদীকে না জানিয়ে মামলাটি খুলনার দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়। বাদী ২০০৫ সালের সেপ্টেম্বরে হাইকোর্টে আপিল আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার অন্যতম আসামি খুলনার সন্ত্রাসী মুসফিকুর রহমান পলাতক। এই মামলার অন্য আসামিদের সঙ্গে খুলনার সন্ত্রাসীদের সম্পর্ক রয়েছে। তাই তাঁর (বাদী) পক্ষে খুলনায় গিয়ে সাক্ষী দেওয়া সম্ভব নয়। এ পরিপ্রেক্ষিতে মামলাটি কেন যশোরে ফিরিয়ে দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। রুলের একটা জবাব দেওয়া হয়। পরে মামলার বিচারকাজ বন্ধ হয়ে যায়।নিহত শামছুর রহমানের ছোট ভাই ও জনকণ্ঠর যশোরের স্টাফ রিপোর্টার সাজেদ রহমান গতকাল প্রথম আলোকে বলেন, এই মামলার বিচারকাজ অবিলম্বে শুরু করার জন্য যশোর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।