জনকণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি শামছুর রহমান হত্যাকাণ্ডের ১১তম বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে যশোর প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা হয়। সভায় বক্তারা বলেন, আগামী বছরের এই দিনটি আসার আগেই আমরা সাংবাদিক শামছুর রহমান হত্যাকাণ্ডের বিচার ও দায়ী ব্যক্তিদের শাস্তি দেখতে চাই। অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সত্যের জন্য কলম ধরা, জীবন উৎসর্গ করা সাংবাদিকের লক্ষ্য। সত্য বলায় শামছুর রহমানকে জীবন দিতে হয়েছে। তাঁর আদর্শ ও লক্ষ্য যেন পরাজিত না হয়। যেখানে যেটুকু গণতন্ত্র এগিয়েছে, সেখানে গণমাধ্যমের ভূমিকাই বেশি। তাই শামছুর রহমান হত্যার বিচারের দাবি দেশের ১৬ কোটি মানুষের। জেইউজের সভাপতি কিরণ সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ এস এম এবাদুল হক, নিহত শামছুর রহমানের ছোট ভাই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি সাজেদ রহমান, যশোর প্রেসক্লাবের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম, যুগান্তর-এর গোপালগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবির, জেইউজের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, মাহবুবুর রহমান প্রমুখ। সভায় শামছুর রহমানের সহধর্মিণী সেলিনা আকতার ও কন্যা সেঁজুতি রহমান উপস্থিত ছিলেন। সভায় ইত্তেফাক-এর বিশেষ প্রতিনিধি ফারাজি আজমল হোসেন বলেন, শামছুর রহমানের ব্যক্তিগত ডায়েরিতে নোট রয়েছে, কারা তাঁকে হত্যার হুমকি দিয়েছিল; কাদের তিনি সন্দেহ করতেন। সিআইডির কাছে সংরক্ষিত ওই ডায়েরির সূত্র ধরে মামলার পুনঃ তদন্ত করা হলে হত্যাকারীদের চেহারা উন্মোচিত হবে।এর আগে সকালে কালো ব্যাজ ধারণ করে নিহতের স্মরণে তাঁর কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া সভার শুরুতে তাঁর আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।