সাংবাদিক শামছুর রহমান হত্যাকাণ্ডের বার্ষিকী পালিত
যশোরের সাংবাদিক শামছুর রহমান হত্যাকাণ্ডের ১৩তম বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে আলোচনা সভা ও তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। হত্যাকাণ্ডের ১২ বছরেও বিচার না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমীরুল আলম খান। যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজ্জাদ গণি খানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন শামছুর রহমানের স্ত্রী সেলিনা আকতার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা প্রমুখ।
বক্তারা বলেন, আইনের মারপ্যাঁচে ছয় বছর ধরে মামলার বিচার-প্রক্রিয়া আটকে রয়েছে। কেন বিচার শুরু করা যাচ্ছে না, এটিই এখন বড় প্রশ্ন। আলোচনার শুরুতে শামছুর রহমানের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে সকালে যশোর প্রেসক্লাব চত্বর থেকে কালো ব্যাচ ধারণ করে শহরের কারবালা কবরস্থানে শামছুর রহমান সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
প্রসঙ্গত, ২০০০ সালের ১৬ জুলাই দৈনিক জনকণ্ঠর যশোর অফিসে কর্মরত অবস্থায় শামছুর রহমান আততায়ীর গুলিতে নিহত হন।