সাংবাদিক শামছুর রহমান হত্যাকাণ্ডের ১২তম বার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে সাংবাদিক শামছুর রহমান হত্যার ১২তম বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে সাংবাদিকদের কালো ব্যাজ ধারণ, শামছুরের কবরে পুষ্পার্ঘ্য নিবেদন ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) তিন দিনের কর্মসূচি শেষ হয়। শনিবার স্মরণসভা হয়। এ হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গত রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। জেইউজের সভাপতি কিরণ সাহার সভাপতিত্বে যশোর প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভায় বক্তারা বলেন, জনকণ্ঠ-এর বিশেষ প্রতিনিধি শামছুর রহমান ছিলেন নিজ পেশার প্রতি নিবেদিতপ্রাণ। সংবাদ-সংশ্লিষ্ট সব ধরনের তথ্য তাঁর সংগ্রহে রাখতেন। এ জন্য স্থানীয় গণমাধ্যমকর্মীরা তাঁকে তথ্যভান্ডার বলতেন। এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সাংবাদিক শামছুর রহমান ২০০০ সালের ১৬ জুলাই রাতে যশোর অফিসে কাজ করছিলেন। সেখানে আততায়ীদের গুলিতে নিহত হন তিনি। প্রায় সাত বছর ধরে এ মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।