সাংবাদিক শামছুর রহমানের হত্যাবার্ষিকী পালন, বিচার দাবি

সাংবাদিক শামছুর রহমান হত্যার ১৬তম বার্ষিকী উপলক্ষে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে গতকাল দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভায় বক্তারা মামলার পুনঃতদন্ত করে বিচার দাবি করেছেন।
স্মরণসভায় প্রধান অতিথি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার বলেন, ‘১৬ বছরেও সাংবাদিক শামছুর রহমান হত্যাকাণ্ডের বিচার হয়নি।’ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে-একাংশ) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘শামছুর রহমানসহ যেসব সাংবাদিক হত্যা মামলা বিচারের জন্য ঝুলে রয়েছে, সেই সব মামলার অগ্রগতি ও খোঁজখবর নেওয়ার জন্য বিএফইউজে থেকে একটি সেল গঠন করা হয়েছে। ওই সেলের মাধ্যমে মামলাগুলোর অগ্রগতির তথ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার ত্বরান্বিত করা হবে।’
বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, ‘সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে আমরা আশাবাদী। বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’
জেইউজের আহ্বায়ক এস এম তৌহিদুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা প্রমুখ।
স্মরণসভার আগে সাংবাদিকেরা কালোব্যাজ ধারণ করে শোক শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি কারবালা এলাকায় শামছুর রহমানের সমাধিতে গিয়ে শেষ হয়। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
২০০০ সালের এই দিন রাতে শহরের দড়াটানায় নিজ কার্যালয় (দৈনিক জনকণ্ঠ) সন্ত্রাসীদের গুলিতে শামছুর রহমান নিহত হন। ঘটনার পরদিন তাঁর স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
২০০৫ সালের আগস্টে মামলাটি যশোর আদালত থেকে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। বাদী যশোর আদালতে মামলার কার্যক্রম চালানোর জন্য উচ্চ আদালতে আবেদন করেন। ওই মাসেই খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুস সামাদ হাইকোর্টের নির্দেশে মামলাটির কার্যক্রম স্থগিত করেন। এরপর মামলার কার্যক্রম আর শুরু হয়নি।