সাংবাদিক সন্তোষ মণ্ডল আর নেই

সাংবাদিক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসো–সিয়েশনের সদস্য সন্তোষ মণ্ডল (৫০) আর নেই। গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি মারা গেছেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, দুই ভাইসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর বাড়ি যশোরের চৌগাছা উপজেলার দশপাখিয়া গ্রামে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের ইতিহাস বিভাগের ছাত্র সন্তোষ মণ্ডল ১৯৯০ সালে দৈনিক জনতার বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে দৈনিক সংবাদ, দৈনিক রূপালী, দৈনিক মুক্তকণ্ঠ, চ্যানেল আই, ডেইলি সান ও অনলাইন রাইজিং বিডি ডটকমে সাংবাদিকতা করেন। তিনি চ্যানেল আইয়ে প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন।
পরিবারের সদস্যরা জানান, তাঁর মরদেহ বৃহস্পতিবার দেশে আনা হবে বলে আশা করা হচ্ছে। মরদেহ দেশে আনার পর পারিবারিকভাবে সৎকারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।