সাংবাদিক সবজি ব্যবসায়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন একটি ট্রাকে করেই সবজি ব্যবসায়ী সেজে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেন প্রথম আলোর এই প্রতিবেদক ছবি: সোয়েল রানা
এমন একটি ট্রাকে করেই সবজি ব্যবসায়ী সেজে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেন প্রথম আলোর এই প্রতিবেদক ছবি: সোয়েল রানা

বগুড়ার মহাস্থান বাজার থেকে সবজির জোগান যায় সারা দেশে। রোজার শুরুতে এ নিয়ে প্রতিবেদন করতে গিয়ে দেখি, কাঁচা মরিচের দাম এক লাফে ১৫০ টাকায় গিয়ে ঠেকেছে!
কৃষক কত পাচ্ছেন, তার অনুসন্ধানে সেদিন মহাস্থান বাজারে যাওয়া। সঙ্গে বগুড়া অফিসের আলোকচিত্রী সোয়েল রানা। কৃষকেরা জানালেন, তাঁরা এক কেজি কাঁচা মরিচ বিক্রি করছেন ৭০ টাকায়। শহরে গেলেই এ মরিচ দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দামের ফারাকের কারণ জানার চেষ্টা করছিলাম। একজন পাইকারি ব্যবসায়ী জানালেন, গত বছর চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে এক ট্রাক সবজি পাঠাতে ট্রাকভাড়া লাগত ১৬ হাজার টাকা। এখন লাগে প্রায় ৩০ হাজার। তাই সবজির দামও বেড়ে যাচ্ছে।
ট্রাকভাড়া বেড়ে যাওয়ার কারণ কী? চালক মনির হোসেন ও নজরুল ইসলাম জানালেন, সবজি লোড থেকে চট্টগ্রামে খালাস করা পর্যন্ত প্রতি ট্রাকে খরচ হয় গড়ে ২২ থেকে ২৪ হাজার টাকা। এর মধ্যে পথে পথে পুলিশকে চাঁদা দিতে হয় ৮ থেকে ১০ হাজার টাকা। চাঁদা না দিলে হয়রানি-নির্যাতন করে পুলিশ। ওই দিনই একটি প্রতিবেদন পাঠালাম প্রথম আলোর ঢাকা অফিসে। এরপর বিশাল বাংলা বিভাগের তুহিন সাইফুল্লাহ ও আবুল হাসনাত ফোন দিলেন। জানালেন, প্রতিবেদনটিতে তথ্যের ঘাটতি রয়েছে—পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রতিষ্ঠিত করা যায়নি।

হাসনাত ভাই বললেন, ‘মহাস্থান থেকে সবজির ট্রাকে চড়ে চট্টগ্রাম পর্যন্ত যেতে পারলে পথে পথে চাঁদাবাজির বিষয়টি প্রতিষ্ঠিত করা যেত।’

নানা কারণে মহাস্থান-চট্টগ্রাম ট্রাকযাত্রা হয়ে উঠছিল না। তুহিন ভাই আর হাসনাত ভাই কিন্তু তাগাদা দিয়েই যাচ্ছিলেন। সপ্তাহ খানেক পর এ নিয়ে সহকর্মী আবুল হাসনাত খুব কড়া ভাষায় বকাবকি করলেন। স্থির করলাম, যাব।

সে রাতে আমার প্রচণ্ড জ্বর। পরিচিত কারও ট্রাকও পেলাম না। কেউ কেউ পরামর্শ দিলেন, ট্রাফিক পুলিশের কেউ চালককে বলে দিলে হয়তো রাজি হতেও পারেন।

জয়পুরহাটের কালাই উপজেলার কিডনি-বাণিজ্য নিয়ে প্রথম আলোতে অনুসন্ধানী প্রতিবেদন করেছিলাম। কিডনির দালালদের গ্রেপ্তার অভিযানে সফল হওয়ায় তৎকালীন পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম পদক পেয়েছিলেন। তিনি বগুড়ায় বদলি হয়ে এসেছেন। যাওয়ার উদ্দেশ্য গোপন রেখে তাঁর কাছে এ ব্যাপারে সাহায্য চাইলাম। আমাকে ট্রাকে উঠিয়ে দিতে রাজি হলেন তিনি। একজন ট্রাফিক সার্জেন্টকে দায়িত্ব দিলেন। বেলা ১১টায় ওই সার্জেন্টের সঙ্গে মহাস্থানে গেলাম। একটি সবজির ট্রাকে আমাকে উঠিয়ে দিলেন তিনি। কাঁচা মরিচ-বেগুনসহ হরেক রকমের প্রায় ১০ টন সবজি ট্রাকে। সাংবাদিক পরিচয় গোপন করে চালক মজনু মিয়া ও সহকারী আক্কাস আলীর কাছে নিজেকে নতুন সবজি ব্যবসায়ী পরিচয় দিলাম। জানালাম, চট্টগ্রামে বাজার দেখতে যাচ্ছি। ভাড়া ঠিক হলো ৫০০ টাকা। দুপুর ১২টার দিকে ট্রাক চট্টগ্রামের উদ্দেশে রওনা দিল।

আমার পরনে পুরোনো একটা গেঞ্জি ও লুঙ্গি। চালক ও সহকারীর মাঝখানে আমি।

বগুড়ার মাটিডালি মোড়ে লাঠি হাতে কয়েকজন ট্রাক থামিয়ে চাঁদা আদায় করছিলেন। আমাদের ট্রাক থামানো হলো না। হতাশ হলাম। সিরাজগঞ্জ মোড়ে ট্রাকের সহকারী আগেই নেমে পুলিশকে ২০০ টাকা চাঁদা দিয়ে এলেন। ফলে পুলিশের ওই সদস্যের নামও জানা হলো না। সহকারীকে এবার অনুসরণ করার সিদ্ধান্ত নিলাম। বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম প্রান্তের টোল প্লাজায় পৌঁছানোর আগেই পুলিশের দুজন সদস্য এগিয়ে এলেন। একজনের হাতে মজনু মিয়া ১০০ টাকার দুটি নোট গুঁজে দিলেন। দ্রুত কাগজ-কলম বের করে দুজনের নাম লিখে রাখলাম। এভাবে পথে পথে যখন যেখানে পুলিশ ট্রাক থেকে চাঁদা তুলেছে, তাঁর নাম লিখে রাখার চেষ্টা করেছি। চলন্ত ট্রাকেই ইফতার হলো। রাতের অন্ধকারে চাঁদাবাজ পুলিশের নাম-পরিচয় লিখে রাখা সম্ভব হচ্ছিল না।

সোনারগাঁও মেঘনা সেতুতে ওঠার আগেই ট্রাক থামাল পুলিশ। জানালা দিয়ে তাকালাম। চাঁদা নিয়ে সহকারী আক্কাসের সঙ্গে দর-কষাকষি করছেন পুলিশের চারজন সদস্য। তাঁদের একজন কর্মকর্তা আমার পূর্বপরিচিত। আমি আড়ালে মুখ ঢাকলাম। ২০০ টাকা নেওয়ার পর ট্রাক ছেড়ে দেওয়া হলো। এভাবে মদনপুর, দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, গৌরীপুর, মিঞাবাজার, মহীপাল, লেমুয়া সেতু, দরগারহাট, বারিয়ারহাট, সীতাকুণ্ড—সবখানেই চাঁদা গুনতে হলো। দাউদকান্দি ও সীতাকুণ্ড ওজন স্টেশনে চলল অভিনব চাঁদাবাজি।

সকাল আটটার পর চট্টগ্রাম মহানগরের মোড়ে মোড়ে গুনতে হলো ট্রাফিক পুলিশের চাঁদার টাকা। কয়েকজনের নাম লিখে রাখলাম। এরপর রিয়াজউদ্দিন বাজারে গিয়ে সবজির বাজারদর নিলাম। ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম। স্টেশন রোডের একটি হোটেলে উঠলাম। গোসল সেরে বাসে রওনা দিলাম ঢাকায়। অফিসে গিয়ে বার্তা সম্পাদকদের কাছে বিরল অভিজ্ঞতার বর্ণনা দিলাম। নতুন করে প্রতিবেদন লিখে জমা দিলাম।

দুই বার্তা সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী ও শওকত হোসেন তথ্য ঘাটতির জন্য বকা দিলেন। তবে তাঁদের দুজনের পরিশ্রমে অবশেষে ‘পণ্যের দাম বাড়াচ্ছে পুলিশের চাঁদাবাজি এবং পথে পথে চাঁদাবাজি’ শিরোনামে ২৭ জুলাই দুটি আলাদা প্রতিবেদন ও পরদিন সম্পাদকীয় ছাপা হলো।

শেষ কথা: এক দিন পর বিচারপতি কাজী রেজা-উল হক ও বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ মহাসড়কে চাঁদাবাজি বন্ধে নির্দেশ দিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে একটি রুল জারি করলেন। সারা দেশে প্রতিবেদনটি ব্যাপক আলোচিত হলো। রাতারাতি বন্ধ হয়ে গেল পুলিশের চাঁদাবাজি। পরে সেরা প্রতিবেদনটির জন্য প্রথম আলো থেকে পুরস্কার পেলাম।

আনোয়ার পারভেজ: বগুড়া প্রতিনিধি