সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ঘটনায় এটিএন বাংলা কার্যালয় ঘেরাও এবং সমাবেশ কর্মসূচিতে বাধা নেই। গতকাল সোমবার এ বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমান এক আবেদন করেন। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ফজলে এলাহী ভূঁইয়া আবেদনটি খারিজ করে দেন।বিবাদীরা সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যম ও সভা-সমাবেশে বাদী মাহফুজুর রহমানকে জড়িয়ে যাতে মানহানিকর কোনো বক্তব্য না দেন, সে জন্য মাহফুজুর রহমানের পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়। আদালত কোনো মানুষের বাকস্বাধীনতা হরণ করতে পারেন না উল্লেখ করে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন যুগ্ম জেলা জজ।মাহফুজুর রহমানের আইনজীবী আহসানুল করীম গতকাল বলেন, বিক্ষোভ-সমাবেশ থেকে সাগর-রুনি হত্যাকাণ্ডকে ঘিরে মাহফুজুর রহমানকে জড়িয়ে যাতে কোনো মানহানিকর বক্তব্য দেওয়া ও প্রকাশ করা না হয়, এ জন্য নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। মামলার আরজিতে বলা হয়, সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতন তদন্তের দাবিতে ৫ সেপ্টেম্বর আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিক নেতারা। এ জন্য সরকারকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তাঁরা। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে প্রেসক্লাবের সামনে সুশীল সমাজ ও পেশাজীবী সংগঠন নিয়ে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে হত্যাকারীদের গ্রেপ্তার করারও দাবি জানানো হয়। তা না হলে ২৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে আবার অবস্থান ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে ১১ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এবং ১৬ সেপ্টেম্বর এটিএন বাংলা কার্যালয় ঘেরাও ও সমাবেশ করার ঘোষণা দেন সাংবাদিকেরা। সাংবাদিকেরা যাতে ওই দিনগুলোতে সভা-সমাবেশ, হত্যাকাণ্ডের ঘটনায় তাঁকে জড়িয়ে কোনো বক্তব্য দিতে না পারেন এবং তা প্রকাশ করা না হয়—এই মর্মে ঘোষণা চেয়ে মামলা করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। মামলায় জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং বিভিন্ন সংবাদপত্র, রেডিও, টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকার সম্পাদকসহ ৫৯ জনকে বিবাদী করা হয়। আদালত বিবাদীদের জবাব দাখিলের জন্য ২৯ নভেম্বর দিন ধার্য করে সমন জারির আদেশ দেন।