বন্ধ মিডিয়া চালু না হলে ঘেরাও ও পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে বন্ধ মিডিয়াগুলো চালু না করলে তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ প্রয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে পদযাত্রা করার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। গতকাল মঙ্গলবার লাগাতার অবস্থান কর্মসূচি থেকে তাঁরা বলেন, পত্রিকা বন্ধ রেখে সাংবাদিকেরা স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছিলেন। সে রকম কর্মসূচি দিতে এবং গণ-আন্দোলন গড়ে তুলতে বাধ্য করবেন না।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান ও যমুনা টিভি চালু, সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি, সাগর-রুনি হত্যার বিচার দাবি এবং গণমাধ্যমের কণ্ঠরোধের প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচি ও সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের যৌথ উদ্যোগে গত ২০ মে থেকে লাগাতার এই কর্মসূচি পালন করছেন সাংবাদিকেরা। একই দাবিতে আজ বুধবার বিরতি দিয়ে কাল বৃহস্পতিবার বেলা ১১টায় ফের জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, আমার দেশ-এর বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী প্রমুখ।