সাংবাদিক সমাবেশে হামলা, শাস্তি দাবি
জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশে হামলার ঘটনায় সরকারি দলের লোকেরা জড়িত বলে অভিযোগ করেছেন প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ।তিনি হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে কামাল উদ্দিন সবুজ সাংবাদিকদের কাছে এই দাবি তুলে ধরেন।
কামাল উদ্দিন সবুজ বলেন, জাতীয় প্রেসক্লাবের ইতিহাসে ক্লাব চত্বরে ঢুকে বহিরাগতদের হামলার নজির নেই।এটা ন্যক্কারজনক একটি ঘটনা।এই হামলার সময় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।কর্তব্যকাজে অবহেলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এর আগে বিকেল পাঁচটার দিকে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী সাংবাদিক সমাবেশে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করারও হুমকি দেন তিনি।
রুহুল আমিন গাজী বলেন, আজ সকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিএফইউজের একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের শান্তিপূর্ণ সমাবেশ চলছিল।এ সময় হঠাত্ করে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা মিছিল করে এসে সমাবেশে হামলা চালায়।একপর্যায়ে তাঁরা প্রেসক্লাবের ভেতরে সমাবেশ লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল ছুড়ে মারে।এতে ৪০ জন সাংবাদিক আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
রুহুল আমিন গাজী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা চারবার সাংবাদিকদের কর্মসূচিতে হামলা চালিয়েছে।তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, সন্ত্রাসীরা হামলা চালানোর সময় প্রেসক্লাবের সামনে পুলিশ নির্বিকার ছিল।পুলিশের সহায়তা চেয়েও পাওয়া যায়নি।একই সঙ্গে সাংবাদিকেদের উদ্দেশে বিষোদগার করায় ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থারও দাবি জানান তিনি।এ ছাড়া আগামীকাল সোমবার বেলা ১১টায় সাংবাদিকদের কর্মসূচি আবারও অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএফইউজের একাংশের মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান।