সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের ইন্তেকাল

বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৫৬ বছর বয়সী এই সাংবাদিক।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব ও দৈনিক আমাদেরসময় পত্রিকার বিশেষ সংবাদদাতা ছিলেন সাইফুল ইসলাম। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এক শোকবার্তায় প্রগতিশীল ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পেশাজীবীদের আন্দোলনে সাইফুল ইসলামের ভূমিকার কথা স্মরণ করেন। শেখ হাসিনা বলেন, সাইফুল ইসলামের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মী ও সত্যিকারের দেশপ্রেমিক নাগরিককে হারিয়েছে।
মরহুমের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সাইফুল ইসলাম স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে, সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।