সাংবাদিক সাইফুল হত্যার বিচার হয়নি ১৮ বছরেও
যশোরে অধুনালুপ্ত দৈনিক রানার পত্রিকার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল হত্যার বিচার হয়নি ১৮ বছরেও। বিচার দাবির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার হত্যাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে যশোরের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
আদালতের স্থগিতাদেশ থাকার কারণে বর্তমানে মামলার বিচারকাজ আটকে রয়েছে।
সাংবাদিকেরা সকালে যশোর প্রেসক্লাবে উপস্থিত হয়ে কালো ব্যাজ ধারণ করেন। পরে প্রেসক্লাব থেকে শোক র্যালি বের হয়। সাংবাদিকেরা বেজপাড়ায় সাইফুল আলম মুকুলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে যশোর প্রেসক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে পৃথকভাবে আলোচনা ও দোয়া মাহফিল হয়।
সাংবাদিক সাইফুল আলম মুকুল হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে প্রেসক্লাবের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোতোষ বসু। বক্তব্য দেন দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম-উদ-দৌলা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাংবাদিক ফখরে আলম, তৌহিদ জামান, জাহিদ আহমেদ প্রমুখ।
এরপর একই জায়গায় সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত স্মরণসভায় নিহত সাংবাদিক সাইফুল আলম মুকুলের ভাই কবিরুল আলম বলেন, ‘সাহসী সাংবাদিক মুকুল যে আমার বড় ভাই ছিলেন, তা ভুলতে চাই, কিন্তু পারি না। তাঁর হত্যাকাণ্ডের বিচার দাবি করি আপনাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের অনাচার, অত্যাচার, দুর্বৃত্তদের অপতৎপরতার অবসান হলেই মুকুল হত্যাকাণ্ডের বিচার সম্ভব।’
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে যশোর শহর থেকে বেজপাড়ার নিজ বাসভবনে যাওয়ার পথে চারখাম্বার মোড়ে সন্ত্রাসীদের বোমা ও গুলিতে সাংবাদিক সাইফুল আলম মুকুল নিহত হন। পরদিন তাঁর স্ত্রী হাফিজা আখতার শিরিন একটি হত্যা মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যশোরের তৎকালীন সহকারী পুলিশ সুপার দুলালউদ্দিন আকন্দ ১৯৯৯ সালের ২৫ এপ্রিল সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদসহ ২২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। আইনি জটিলতার কারণে মামলার কার্যক্রম থমকে যায়। এ কারণে চাঞ্চল্যকর এ হত্যা মামলার বিচারকাজ আটকে যায়।
দীর্ঘদিন পর ২০০৫ সালে উচ্চ আদালত সাইফুল আলম হত্যা মামলা পুনরুজ্জীবিত করে বর্ধিত তদন্তের নির্দেশ দেন। ওই বছরের ২১ ডিসেম্বর সিআইডি কর্মকর্তা মওলা বক্স নতুন দুজনের নাম অন্তর্ভুক্ত করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দেন। ২০০৬ সালের ১৫ জুন যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল (৩) এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে (২) ২২ জনকে অভিযুক্ত করে মুকুল হত্যা মামলার চার্জ গঠন করা হয়। এ সময় মামলা থেকে তৎকালীন মন্ত্রী তরিকুল ইসলাম ও রূপম নামে আরেক আসামিকে অব্যাহতি দেওয়া হয়।
২০১০ সালে সাংবাদিক আজমল হোসেন মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য উচ্চ আদালতে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন। যশোর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সাইফুল আলম হত্যা মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আদালতের স্থগিতাদেশ থাকার কারণে বিচারকাজ আটকে রয়েছে।