সাংবাদিক সাদেক খান আর নেই

বিশিষ্ট সাংবাদিক সাদেক খান আর নেই। গতকাল সোমবার সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাদেক খানের জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
সাদেক খান কর্মজীবনে সাপ্তাহিক হলিডে পত্রিকার কন্ট্রিবিউটিং এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন পত্রপত্রিকায় কলাম ও প্রবন্ধ লিখেছেন। ২০০২ সালে একুশে পদক লাভ করেন তিনি।
সাদেক খানের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ, এনডিপি, বরিশাল বিভাগ সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিক নেতারা শোক জানিয়েছেন।
সাদেক খানের বাবা বিচারপতি আবদুল জব্বার খান পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ছিলেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বিশিষ্ট ব্যবসায়ী এ এস এম শহীদুল্লাহ খান, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও প্রয়াত সাংবাদিক এনায়েতুল্লাহ খানের বড় ভাই।