সাংবাদিক সিদ্দিকুর রহমানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে করা মামলায় গ্রেপ্তার দৈনিক শিক্ষাডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এ নির্দেশ দেন।
রমনা থানায় করা এই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক শওকত আলী সরকার তাঁকে (সিদ্দিকুর) আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। সিদ্দিকুর রহমানের আইনজীবীরা জামিনের আবেদন করেন।
সিদ্দিকুর রহমানের আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে বলেন, এই আসামিকে রিমান্ডে নেওয়ার সুযোগই নেই। শুধু হয়রানি করার জন্যই পুলিশ তাঁর রিমান্ডের আবেদন করেছে। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নাকচ করে পাঁচ কার্যদিবসের মধ্যে তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন।
সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারে আইনের অপব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।