সাংবাদিক সিদ্দিকুর রহমানের মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে করা মামলায় গ্রেপ্তার অনলাইন নিউজ পোর্টাল দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। গতকাল শনিবার রাজধানীর শিক্ষা ভবনের কাছে শিক্ষা অধিকার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শাবান মাহমুদ বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ এক যৌথ বিবৃতিতে সাংবাদিক সিদ্দিকুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। বিবৃতিতে অধ্যক্ষ পরিষদের সভাপতি মাজহারুল হান্নান বলেন, সিদ্দিকুর রহমানের সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনের করা একটি মামলায় গত বৃহস্পতিবার সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ। বর্তমানে তিনি কারাগারে আছেন।