সাংবাদিক সিদ্দিকুরের মুক্তি চায় ডিআরইউ
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে করা মামলায় গ্রেপ্তার অনলাইন নিউজ পোর্টাল দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খানের মুক্তির দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
আজ সোমবার সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা থেকে এ দাবি জানানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। সিদ্দিকুর রহমান ডিআরইউর স্থায়ী সদস্য।
সভায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহণ ও গ্রেপ্তারে প্রশাসনকে আরও সহিষ্ণু হওয়ার আহ্বান জানিয়ে সিদ্দিকুর রহমান যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
ডিআরইউ সভাপতি জামালউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এদিকে সিদ্দিকুর রহমানের মুক্তি দাবি ও গ্রেপ্তারের প্রতিবাদে ৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন সাংবাদিকেরা। ‘সর্বস্তরের সাংবাদিক সমাজ’–এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে আইসিটি আইনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনের করা একটি মামলায় গত বৃহস্পতিবার সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ। বর্তমানে তিনি কারাগারে আছেন।