সাংবাদিক হত্যা মামলায় মেয়র হালিমুল কারাগারে
সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় পৌর মেয়র হালিমুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা আড়াইটার দিকে হালিমুল হককে সিরাজগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মো. মোরশেদ আলম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে এ ঘটনায় হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম একই আদালতে আজ হালিমুল হকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। বিচারক কোনো শুনানির দিন ধার্য করেননি।
গতকাল রোববার রাতে রাজধানীর শ্যামলী এলাকা থেকে হালিমুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।
গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হন সমকাল-এর শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম। পরদিন শুক্রবার ঢাকায় আনার পথে তিনি মারা যান। হাকিমের মৃত্যুর পর শাহজাদপুর থানায় শুক্রবার তাঁর স্ত্রী নূরননাহার মামলা করেন।