সাংবাদিক হত্যার চেষ্টায় জড়িতদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা সংবাদদাতা এবং দৈনিক জনকণ্ঠ-এর লালমনিরহাটের নিজস্ব সংবাদদাতা জাহাঙ্গীর আলমকে হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। লালমনিরহাট প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বুধবার জেলা শহরের মিশন মোড় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে গত রোববারও একই দাবিতে জেলা শহরের একই স্থানে জেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন করেছিলেন সাংবাদিকেরা।
গতকাল সকালে মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান, সময় টিভির লালমনিরহাট সংবাদদাতা মোফাখখারুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোর ও মানবজমিন-এর প্রতিনিধি মিলন পাটোয়ারী ও সাংবাদিক জাহাঙ্গীর আলমের বাবা আব্দুস সালাম।
পেশাগত দায়িত্ব পালনের সময় ৬ মার্চ বিকেলে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামে দুর্বৃত্তদের হামলার শিকার হন জাহাঙ্গীর আলম। এ সময় তাঁকে মারধর করে গলা কেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এলাকাবাসী এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর গলায় ১২টি সেলাই দিতে হয়েছে।
এ ঘটনায় গত শনিবার সন্ধ্যায় সাংবাদিক জাহাঙ্গীর আলম লালমনিরহাট সদর থানায় মোগলহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ নয়জনকে আসামি করে একটি হত্যাচেষ্টার মামলা করেন। পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করলেও প্রধান দুই আসামিসহ বাকিদের গ্রেপ্তার করতে পারেনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, সাংবাদিক জাহাঙ্গীর আলমকে হত্যাচেষ্টার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।